দোহারে জোড়া খুন: আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

জাতির সংবাদ ডটকম :

ঢাকার দোহার উপজেলার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে মামলার প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নিহত সাইদুল ও মিজান-সোহেলের পরিবারের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২০ এপ্রিল চাকরি দেওয়ার কথা বলে তাদের ডেকে নেওয়ার পর জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঘটনার পর নিহত সাইদুলের মা রাজিয়া বেগম দোহার থানায় এজাহার দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে আদালতে মামলা দায়ের করা হলে সিআইডির তদন্তে একাধিক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়ার দাবি করা হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

পরিবারের অভিযোগ, মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া কয়েকজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে মামলার চার্জশিটে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের বাদ দেওয়ার অভিযোগ তুলে বাদী আদালতে নারাজি পিটিশন দাখিল করেন। পরে আদালত মামলাটি পুনরায় পিবিআইকে দিয়ে তদন্তের নির্দেশ দেন।

বর্তমানে মামলাটি পিবিআইতে তদন্তাধীন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, সম্প্রতি মামলার কথিত মূল আসামি রাজন খানকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মানববন্ধন থেকে নিহতদের পরিবার মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।