সান্তাহার জংশনে নবনির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে নবনির্মিত ফুট ওভারব্রিজের উদ্বোধন করেছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।

(২৮ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফিতা কেটে নবনির্মিত ফুট ওভারব্রিজটির উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার মোছা. খাদিজা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সান্তাহার রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (কমার্শিয়াল) মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, সান্তাহার একটি ব্যাপক সম্ভাবনাময় স্থান। সবাই সম্মিলিতভাবে সঠিক পরিকল্পনায় কাজ করলে সান্তাহারকে উত্তরবঙ্গের উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নুর এ নবী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, ছাত্র দলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সান্তাহার শাখার সভাপতি আনারুল ইসলাম লুলু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।