সাওরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনিস মোল্লার মনোনয়ন প্রত্যাশা

শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

 

জুয়েল সরদারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস মোল্লা।

গতকাল (২ অক্টোবর) সন্ধ্যায় কালুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আনিস মোল্লা বলেন, সাওরাইল ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। দলীয় মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। একই সঙ্গে ইউনিয়নের সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার।

মনোনয়ন প্রক্রিয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত হলে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করবেন বলে জানান তিনি।