ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ আহত সাংবাদিক শফিকুল ইসলামের চিকিৎসায় অবহেলার অভিযোগে বিআরজেএ-এর প্রতিবাদ

শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

মোঃ মোহন আলী।। 

২৪ জুলাই আন্দোলনে ময়মনসিংহে আহত সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠ-এর হালুয়াঘাট প্রতিনিধি ‘জুলাই যোদ্ধা’ শফিকুল ইসলাম (দুখু) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসা নিতে গিয়ে চরম লাঞ্ছনা ও অবহেলার শিকার হয়েছেন—এমন অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, জুলাই আন্দোলনে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই শফিকুল ইসলাম শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর (পেয়িং) ওয়ার্ডে চিকিৎসাধীন থাকলেও তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

গত ১১ ফেব্রুয়ারি এবং সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি রাতে হঠাৎ তাঁর নাক ও মুখ দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
একজন সংবাদকর্মী ও জুলাই যোদ্ধার চিকিৎসায় এমন গাফিলতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, অনতিবিলম্বে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।