ঈদের শুভেচ্ছা জানায়ে যা বললেন শাকিব খান

শনিবার, মার্চ ২১, ২০২৬

বিনোদন প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশের কোটি ভক্ত ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় শাকিব খান লেখেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান।’

এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’।

বাংলাদেশের চলচ্চিত্র বাজারে ঈদ মানেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্যের গল্প; কিন্তু সময় বদলেছে। এখন দর্শকরা কেবল তারকাখ্যাতি দেখে নয়, বরং নির্মাণের মুন্সিয়ানা দেখে হলে ফেরেন। এবারের ঈদের পাঁচটি সিনেমা ভিন্ন ভিন্ন ঘরানার দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

একদিকে নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড নিয়ে ‘প্রিন্স’, অন্যদিকে হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাসের আধারে ‘বনলতা এক্সপ্রেস’। আবার জীবনযুদ্ধের করুণ আখ্যান নিয়ে ‘দম’ আর হাই-ভোল্টেজ অ্যাকশনের পসরা নিয়ে ‘রাক্ষস’। সবশেষে নাগরিক জীবনের চাপ নিয়ে ‘প্রেশার কুকার’। এ বৈচিত্র্যময়তা নিয়েই সাজানো হয়েছে এবারের ঈদ ক্যালেন্ডার।