জাতির সংবাদ ডটকম।।
রাজধানীর গুলিস্তান এলাকায় একটি অনলাইন পত্রিকার অফিসে ঢুকে সাংবাদিককে জিম্মি করে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৬ ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, “সারা বিশ্ব ডটকম” অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী (৪৮) পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। তিনি জানান, বুধবার (৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউর ৩য় তলায় অবস্থিত তার অফিসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা ৬ ব্যক্তি তার অফিসে অনধিকার প্রবেশ করে তাকে জিম্মি করে এবং অফিসের কার্যক্রম চালাতে হলে ৪ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি জানায়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়, যাতে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
একপর্যায়ে অভিযুক্তদের একজন তার কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড নিয়ে পিন নম্বর জানতে বাধ্য করে। পরে একজন নিচে গিয়ে এটিএম বুথ থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে নিয়ে আসে। এ সময় ভুক্তভোগী সংসারের খরচের কথা বলে অনুরোধ করলে তাকে ৫ হাজার টাকা ফেরত দিয়ে বাকি ২০ হাজার টাকা নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় অন্য অভিযুক্তরা তাকে অফিসে আটকে রাখে। টাকা নেওয়ার পর তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে অফিসের সহকর্মী ও স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি পল্টন মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পল্টন মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।