।। মরিয়ম লিপি।।
বিকেলবেলার ম্লান আলোতে স্বপ্ন যখন শেষ,
গোধূলি বেলা হঠাৎ নামলো রঙিন কোনো রেশ।
শুকনো পাতার বিলাপ থামে, থামে দীর্ঘশ্বাস,
কৃষ্ণচূড়ার রক্তরাঙা সাজলো ও আকাশ।
হিমেল হাওয়ায় যে দহনটা ছিল বুকের বামে,
আঙুল ছুঁয়ে সবটুকু বিষ শান্ত হয়ে নামে।
তুষার গলা নদীর মতো জীবন আজ যে স্থির,
খুঁজে পাওয়া বিশ্বস্ত এক ভালোবাসার তীর।
ব্যাবিলনের ধ্বংসস্তূপে যেমন হারানো মণ,
তোমার ঐ চোখেও আজ মগ্ন হলো মন।
বিষাক্ত সেই অতীত স্মৃতি হারালো ঐ দূরে,
জীবন সেতার বাজছে এখন বসন্তেরই সুরে।
পাতাঝরা সেই রিক্ত ডালে ফুটলো আবার ফুল,
ভাঙা তরী সায়াহ্নে আজ খুঁজেছে এক কূল।
আবার কেন ডাকলে আমায়, জাগলো যে প্রেম পুনঃ,
সব হারানো বিকেলে আজ ভালোবাসার জন্ম।
বয়ে চলুক এই মধুরিমা সায়াহ্নর ঐ বেলা,
হাতের মুঠোয় হাতের পরশ— প্রেমের এই খেলা।