বিনোদন ডেস্ক: দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকার পর আবারও জনসমক্ষে দেখা গেল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। মা হওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য উপস্থিতি, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
গত বছরের নভেম্বরে তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। এরপর থেকে মাতৃত্বকালীন সময় কাটাতে কিছুটা আড়ালেই ছিলেন ক্যাটরিনা। যদিও এই সময়ের মধ্যে ভিকিকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে, তবে ক্যাটরিনাকে জনসমক্ষে দেখা যায়নি দীর্ঘদিন।
সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে হাজির হয়ে পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দেন দুজন। ভিকির পরনে ছিল বাদামি জ্যাকেট, আর ক্যাটরিনা ছিলেন কালো ওভারকোটে। অনেকদিন পর প্রিয় অভিনেত্রীকে দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকে মন্তব্য করেন, মাতৃত্বের পরও ক্যাটরিনাকে আগের মতোই প্রাণবন্ত ও সুন্দর লাগছে।
এর আগে নেহা ধুপিয়ার সঙ্গে এক অনুষ্ঠানে নতুন বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ভিকি। তিনি জানান, তিন মাস বয়সী সন্তানের জন্য এখনো খুব বেশি কিছু করার সুযোগ না থাকলেও তিনি সন্তানের বড় হয়ে ওঠার সময়টুকু উপভোগ করছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ক্যাটরিনা ও ভিকি তাঁদের সন্তান আগমনের খবর জানান। সেখানে তারা লিখেছিলেন, আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।