২ হাজার রানের ক্লাবে প্রথম বাংলাদেশি লিটন

শনিবার, মে ৯, ২০২৬

ক্রীড়া ডেস্ক: মিরপুর টেস্টে বড়ো ইনিংস খেলতে না পারলেও দেশের ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছেন লিটন কুমার দাস। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রানে আউট হন লিটন। এই ইনিংস খেলার পথে টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। ৩১ ম্যাচে ৫৫ ইনিংসে এখন পর্যন্ত ৩৭.২০ গড়ে ২০০৯ রান করেছেন লিটন। ৪ সেঞ্চুরির সাথে ১১টি হাফ-সেঞ্চুরি আছে তার।
লিটনের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২৬ মাচের ৪৮ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরির সহায়তায় ৪২.৬৩ গড়ে ১৮৭৬ রান করেছেন তিনি।

এরপর এই তালিকার তৃতীয় স্থানে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ ম্যাচের ৫৭ ইনিংসে ১৬৫৫ রান করেছেন তিনি। শান্তর ব্যাটিং গড়- ২৯.৫৫। ৫টি সেঞ্চুরির সাথে ৩টি হাফ-সেঞ্চুরিও হাঁকান শান্ত।

তালিকার চতুর্থ স্থানে আছেন মোমিনুল হক। ৩২ ম্যাচের ৬১ ইনিংসে ৩টি শতক ও ৮টি অর্ধশতকে ২৭.৯৬ গড়ে ১৫৯৪ রান আছে তার।

শীর্ষ পাঁচের মধ্যে আরও আছেন মেহেদি হাসান মিরাজ। ৩০ ম্যাচে ৫৫ ইনিংস ব্যাট করে ২৫.৯৬ গড়ে ১৩২৪ রান করে পঞ্চম স্থানে আছেন মিরাজ। ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি আছে মিরাজের নামের পাশে।

২০১৯ সাল থেকে শুরু হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের জো রুটের। ৭৪ ম্যাচের ১৩৬ ইনিংসে ২৩ সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরিতে ৬৪৮০ রান করেছেন তিনি। রুটের ব্যাটিং গড়- ৫২.২৫।

৫৯ ম্যাচের ১০৩ ইনিংসে ৪৫৬৪ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।