ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা পাওয়া হলো না মিশরের। গ্রুপপর্বের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দীর্ঘ সময় এগিয়ে থেকেও আত্মঘাতী গোলে ১-১ সমতায় শেষ করেছে আফ্রিকার জায়ান্টরা।
সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম এগিয়ে যায় মিশর। ২০ মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে বল নিয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন মিডফিল্ডার ইমাম আশুর। ১-০ গোলে এগিয়ে যায় মিশর। জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন ২৮ বছর বয়সী আশুর।
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ পেয়েছিল মিশর। কিন্তু মোস্তাফা জিকোর শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া।
প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে ম্যাচে সমতা ফেরার সুযোগ হাতছাড়া করে বেলজিয়াম। মিশরের বিপদ সীমানায় পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে বাড়িয়ে মারেন জেরেমি ডোকু।
ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। নিজেদের বিশ^কাপ ইতিহাসে এই প্রথম এগিয়ে থেকে বিরতিতে গেল তারা।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। বক্সের বাইরে থেকে কেভিন ডে ব্রুইনের নেওয়া ফ্রি-কিক পোস্টে লাগে।
অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে ১-১ সমতা ফেরায় বেলজিয়াম। মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানির আত্মঘাতি গোলে ম্যাচে ফিরে বেলজিয়াম।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মিশর ও বেলজিয়াম। চারটি বিশ্বকাপে অংশ নিয়েও এখন পর্যন্ত জয়ের দেখা পেল না মিশর। আট ম্যাচ খেলে ৩ ড্র ও ৫ হার আছে তাদের।
আগামী ২১ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি বেলজিয়াম। একই দিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে মিশর।