ক্রীড়া ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল।
চলতি ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। এ ম্যাচের শুরু থেকে একাদশে ছিলেন না নেইমার।
৭৬ মিনিটে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে দেশের হয়ে খেলেছিলেন তিনি।
এ ম্যাচে খেলার সুযোগ পেয়েই পেলে-কাফু ও সান্তোসের পাশে নাম লেখান নেইমার। ব্রাজিলের জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন পেলে-কাফু ও জালমা সান্তোস। ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চার বিশ্বকাপ খেলার নজির গড়েছেন নেইমার।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি। প্রত্যাবর্তন ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার গোল না পেলেও, ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-০ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারায়েসের ক্রস থেকে হেডে গোল করেন ভিনিসিয়াস। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত হেডে গোল করেন তিনি।
ব্রাজিলের হয়ে ৫২ ম্যাচে ১৩ গোল আছে ভিনিসিয়াস। এরমধ্যে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। বাকী ৩৯ ম্যাচে ৬ গোল বিভিন্ন কোচের অধীনে করেছিলেন ভিনিসিয়াস।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়াস। পঞ্চম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করার নজির গড়লেন। এর আগে ১৯৭০ সালে র্জর্জিনিয়ো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে গ্রুপ পর্বের সব ম্যাচেই গোল করেছিলেন রোনাল্ডো ও রিভালদো। জর্জিনিয়ো-রোমারিও-রোনাল্ডো-রিভালদোদের কীর্তি গড়ার বছরে শিরোপাও জিতেছিল ব্রাজিল।
টানা ১৫ বিশ্বকাপ আসরে নকআউট পর্ব নিশ্চিত করল ব্রাজিল। সর্বশেষ ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল তারা। ১৯৮২ সাল থেকে সব আসরেই গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পায় ব্রাজিল।