জাতির সংবাদ ডটকম।।
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, কারিগরি শিক্ষার জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেশের সব স্কুল-কলেজে অন্তত দুটি কারিগরি ট্রেড কোর্স চালু এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী পরিষদ।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিন ধরে এই খাত অবহেলা, বৈষম্য, বাজেট সংকট এবং আধুনিক ল্যাব-সুবিধার অভাবে পিছিয়ে রয়েছে। তারা দাবি করেন, বর্তমানে দেশের প্রায় ১২ হাজার প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পরিচালিত হলেও শিক্ষক-কর্মচারীরা সময়মতো বেতন-ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনটির ১০ দফা দাবির মধ্যে রয়েছে— শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সব স্কুল-কলেজে অন্তত দুটি কারিগরি ট্রেড কোর্স চালু, ট্রেড ইন্সট্রাক্টর পদ পুনর্বহাল, সময়মতো বেতন প্রদান, ডিজিটাল আবেদন ব্যবস্থা চালু, শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন, আধুনিক ল্যাব স্থাপন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ সৃষ্টি এবং পৃথক কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা।
সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন তারা। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল বাশার লিখিত বক্তব্য পাঠ করেন।