বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের দায়ে মো. ছাতির মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। এ কারণে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে ওই এলাকায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
পরে মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনরত অবস্থায় মো. ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
আটক ছাতির মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।