আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফখরুল ইসলাম জিহাদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শুরের পুল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফখরুল ইসলাম জিহাদ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুরাইশ বেপারী বাড়ির বাসিন্দা।
তিনি ওই এলাকার জাকের নবী বাবুলের ছেলে। পেশায় দিনমজুর জিহাদ এক সন্তানের জনক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে স্থানীয় কয়েকজন ব্যক্তি শুরের পুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ভেতরে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দেন।খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান জানান, প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে জিহাদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে যে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, হঠাৎ করে জিহাদের মরদেহ উদ্ধারের ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন স্বজন ও এলাকাবাসী।