জাতির সংবাদ ডটকম।।
সোশ্যাল মিডিয়ায় অপতথ্য, গুজব ও প্রপাগান্ডা রোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাজধানীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সোশ্যাল মিডিয়ার তথ্য, গুজব ও প্রপাগান্ডার যুগে আমাদের করণীয়’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে বালাগ মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ও মাসিক মানবজীবন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগ মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আহ্বায়ক এবং অস্ট্রিয়ার মসজিদুল হিদায়ার ইমাম ও খতিব শাইখ আবদুল মতিন আজহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী বলেন, “বর্তমান সময়ে অপতথ্য ও প্রপাগান্ডা সমাজের স্থিতিশীলতা ও সত্য প্রকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিজস্ব নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখতে হবে।”
প্রধান আলোচক মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী বলেন, “যেকোনো সংবাদ বা তথ্য যাচাই না করে শেয়ার করা ইসলাম ও নীতিশাস্ত্র—উভয় দিক থেকেই অনুচিত। সোশ্যাল মিডিয়ার এই যুগে সচেতনতা বৃদ্ধিই গুজব প্রতিরোধের অন্যতম হাতিয়ার।”
জনপ্রিয় অনুষ্ঠান ও সংবাদ উপস্থাপক লায়ন এম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস শান্তনু, সাহাবউদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডা. রুহুল আমিন, পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম, কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, বিশিষ্ট মুফাসসির মুফতি নাঈমুল ইসলাম ফরিদপুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মনির হোসেন, মাদরাসায়ে আবু হুরায়রা (রা.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ মুসা খান, হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক এবং নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারী শহীদুল ইসলাম।
এছাড়া বিশেষ আলোচক হিসেবে নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এখন টেলিভিশনের প্রতিবেদক কামরুল হাসান জনি, দৈনিক প্রথম আলোর ধর্ম বিভাগের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক, জিবিসি পিএলসির পার্টনার ও ডিরেক্টর মোহাইমেনুল অপু, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র প্রভাষক ডা. মুহাম্মদ সাইফুল আলম রোমান, আরএনআর ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দিন জাহাঙ্গীর, তরুণ আলেম ও লেখক মাওলানা আশরাফ মাহদি আজহারী এবং বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. নাসীরউদ্দিন।
অনুষ্ঠানে সমাপনী ও শুভেচ্ছা বক্তব্য দেন মাসিক মানবজীবনের সম্পাদক এবং বালাগ মিডিয়া কালচারাল সোসাইটির সদস্য সচিব ইমদাদুল হক তৈয়ব। তিনি উপস্থিত অতিথি, আলোচক ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের আলোচনা নিয়মিত অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।