জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ

বুধবার, আগস্ট ২৬, ২০২৬

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগির খালের ওপর নির্মিত আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁধটি কেটে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়।এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

একসময় বামনী নদীর লবণাক্ত পানি প্রবেশ ঠেকাতে মাটির এই আড়িবাঁধটি নির্মাণ করা হলেও পরবর্তীতে তা নোয়াখালী সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জের পানি নিষ্কাশনে বড় বাধা হয়ে দাঁড়ায়।সম্প্রতি বামনী নদীতে ক্লোজার ও ১৯-ভেন্ট রেগুলেটর নির্মাণের পর এই আড়িবাঁধটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি আলগির খাল ও জালিয়ার খালের মোট ১০.৫ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হচ্ছে।

প্রশাসন জানায়, বাঁধ অপসারণ ও খাল খনন সম্পন্ন হলে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এলাকার প্রায় ২৮০ কোটি টাকার স্থাবর সম্পদ সুরক্ষার পথ সুগম হবে।