আবদুল বাসেদ ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে।
বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সফল করার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।