মাদকবিরোধী অভিযানের ৬ মাদক কারবারি ও মাদকসেবি আটক

শুক্রবার, মে ২২, ২০২৬

 

বিকুল চক্রবর্তী : মৌলভীবাজার।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি ও ছিনতাই মামলার আরও ২ আসামিকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ মাদক উদ্ধার, চুরি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৪নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকার মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মনসুর আহমেদ (৪০), ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২) ও মনির হোসেন (৫০)। তাদের সকলের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায়।

পরে তাদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া থানার পৃথক অভিযানে চুরি মামলার আসামি ইমন হোসেন (২৫) এবং ছিনতাইকারী মামুন মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম জানান, “মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”