নিজস্ব প্রতিবেদক:
একসময় পত্রিকার পাতায় বিশ্বের সমৃদ্ধ ও উন্নত দেশগুলোর বড় বড় নেতা ও মন্ত্রীদের সাধারণ মানুষের মতো জীবনযাপনের গল্প পড়া যেত। এবার তেমনই এক দৃশ্য দেখা গেল গত ১৫ আগষ্ট শনিবার বাংলাদেশেও। সিলেটের রিকারীবাজারে মাছ কিনতে দেখা গেছে সরকারের প্রভাবশালী মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে।
তাঁর সঙ্গে ছিল না কোনো প্রটোকল, পিএস-এপিএসের বহর কিংবা নিরাপত্তার বাড়তি আয়োজন। সাধারণ ক্রেতার মতোই বাজারে গিয়ে মাছ দেখেছেন, দরদাম করেছেন এবং নিজের পছন্দের মাছ কিনেছেন।
কুমারপাড়ার আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আরিফুল হক চৌধুরী, মেয়র আরিফুল হক চৌধুরী কিংবা বর্তমানের মন্ত্রী আরিফুল হক চৌধুরী—সময়ের সঙ্গে তাঁর পদ-পদবি বদলেছে, কিন্তু বদলায়নি তাঁর জীবনযাপনের সরলতা।
চাইলেই এক নির্দেশে পুরো মাছবাজারের মাছ তাঁর বাড়িতে পৌঁছে যেতে পারত। তবে সেই পথে না গিয়ে অবসর পেলেই এখনো নিজে বাজারে আসেন তিনি। মাছ দেখেন, পছন্দ করেন, দরদাম করেন এবং নিজের পছন্দের মাছ কিনে নিয়ে যান।
আজও তার ব্যতিক্রম হয়নি। লালবাজারে গিয়ে নিজের পছন্দের গুঁড়া (ছোট) মাছ কিনেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সাধারণত ক্ষমতার সঙ্গে মানুষের জীবনযাত্রায় আসে নানা পরিবর্তন। প্রটোকল, নিরাপত্তা ও আনুষ্ঠানিকতার বেড়াজালে অনেক সময় সাধারণ মানুষের কাছ থেকে দূরত্ব তৈরি হয়। তবে আরিফুল হক চৌধুরীর এমন সহজ-সরল চলাফেরা সেই প্রচলিত ধারণার ব্যতিক্রমী উদাহরণ হয়ে সামনে এসেছে।
সাধারণ মানুষের মতো বাজারে গিয়ে নিজের প্রয়োজনের জিনিস নিজে কেনার এই দৃশ্য স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি করেছে। অনেকের কাছে এটি ক্ষমতার বাইরে একজন জনপ্রতিনিধির সাধারণ জীবনযাপনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।