মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ গোপন অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মোঃ রাহেদ হোসেন মাহেদ কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাহেদ হোসেন মাহেদ(২৩)- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছে। এর পর থেকে আমরা মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নির্র্দেশে আমরা শতর্ক অবস্থানে থাকি।
এরই মধ্যে আমরা সীমান্ত এলাকায় সন্দেহভাজন লোকের উপস্থিতির গোপন সংবাদ পেয়ে আমরা অভিযানে যাই। সেখানে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেফতার করি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের জানান, আটকের পর যাচাই-বাছাই শেষে গ্রেফতারকৃত রাহেদ হোসেন মাহেদ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন ঢাকার শাহবাগ থানার একটি মামলার আসামি হিসেবে আমরা সনাক্ত করি। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৮/৯/১০/১৩ ধারায় দায়ের করা হয়েছে।
তিনি জানান, সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসি’র কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।