রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ, প্রবাসীদের সংবর্ধনা

রবিবার, জুন ৭, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :

সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের ছাতা বিতরণ এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তিনজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার রাতে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শতাধিক মানুষের মধ্যে উন্নতমানের ছাতা বিতরণ করা হয়।


এ সময় সমাজকল্যাণ, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার মিয়া মসুদ, আবু বক্কর সিদ্দিকী মোহন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর আলী ফুয়াদকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, রোটারিয়ান ইমন দেব চৌধুরী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, সংগীতশিল্পী তারেক ইকবাল চৌধুরী, সংগীতশিল্পী শ্যামল আচার্য্য এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে রোটারির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকরা আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের নেতৃবৃন্দ জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে এবং শিক্ষার্থীদের উন্নয়নে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।