মোঃ মোহন আলী ।।
বাংলাদেশ ছাত্রপক্ষ ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত এই আলোচনা সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত মতামত সভাটিকে অর্থবহ করে তোলে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গণতন্ত্রের মূল শক্তি জনগণ- বিশেষ করে শিক্ষার্থীরা। তাদের মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ছাত্রপক্ষের নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের রাজনৈতিক শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করাই এ ধরনের মতবিনিময়ের মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; এটি জনগণের ক্ষমতায়ন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি মৌলিক হাতিয়ার।
আইআরআই’র প্রতিনিধিরা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে তরুণদের অংশগ্রহণ আন্তর্জাতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আইআরআই ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
সভায় শিক্ষার্থীরা নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভোটাধিকার প্রয়োগের প্রতিবন্ধকতা, রাজনৈতিক জবাবদিহিতা এবং গণভোটের প্রাসঙ্গিকতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন।
মতবিনিময় সভাটি একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।