ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবলটুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

বগুড়ার কৈচড় বিট স্কুল মাঠে শুক্রবার বিকেলে ফাঁপোড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ৬-৫ গোলে কৈচড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চকদুর্গা বেলগাড়ী একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে কে এম খায়রুল বাশার, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। নির্ধারিত সময়ে উভয় দল দুটি করে গোল করলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত স্নায়ুচাপের লড়াইয়ে ৬-৫ গোলের ব্যবধানে জয় তুলে নেয় চকদুর্গা বেলগাড়ী একাদশ। ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য চকদুর্গা বেলগাড়ী একাদশের বায়েজিদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলাটি পরিচালনা করেন শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ। সার্বিক পরিচালনায় ছিলেন কামাল হোসেন।

আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাঠমুখী করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।