ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত

বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে এক ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী বাবা। বুধবার (১৪ অক্টোবর) ভোরে সদরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের পেছনে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পলাশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মায়ের নাম মুনিরা বেগম (৫৬)। অভিযুক্ত ছেলের নাম মোস্তাকিন আলম সুমন (৩৫)। সুমনের ছুরিকাঘাতে তার বাবা অবসরপ্রাপ্ত টেক্সাটাইল প্রকৌশলী সরদার আলী (৬৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ‘মাদকাসক্ত’ সুমনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠান তার বাবা-মা। কিন্তু সে বারবার পালিয়ে আসে। তাকে ফের পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন তার বাবা-মা। কিন্তু সুমন তাতে রাজি ছিলেন না। বুধবার ভোরে সিরাগঞ্জ থেকে আসা একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মীরা সুমনকে নিতে তাদের বাড়িতে অপেক্ষা করছিলেন। বিষয়টি বুঝতে পেরে সুমন তার ঘর থেকে বের হয়ে বাড়িতে থাকা ছুরি দিয়ে তার মায়ের বুকে আঘাত করেন। এসময় তার বাবা এগিয়ে গেলে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সুমন। বাড়িতে থাকা মাদক নিরাময় কেন্দ্রের লোকজন গুরুতর আহত এই দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মা মুনিরা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
খলিলগঞ্জের একটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের বলেন, ‘ অভিযুক্ত ছেলে মাদকাসক্ত। তার কারণে তার কলেজ শিক্ষক বড় ভাই বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া থাকেন। যে মা ওই ছেলেকে আগলে রেখেছিলেন সেই মা তার হাতেই প্রাণ হারালেন। বাবা যায় যায় অবস্থা। সব জায়গায় মাদকে সয়লাব, সহজলভ্য। অনেক তরুণ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছে। আজকের ঘটনা মাদকের কারণেই হয়েছে। আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ছি। আমাদের সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করবে কে?’
ওসি কামাল হোসেন বলেন, ‘ খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অভিযুক্ত ছেলেকে ধরতে আমরা মাঠে রয়েছি। তাকে আটকের জন্য জোর প্রচেষ্টা চলছে।’