স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মঙ্গলবাড়ি ফুটবল একাডেমী ৩-০ গোলে সিরাজগঞ্জ দলকে পরাজিত করেছে।
সোমবার (১২ অক্টোবর) সাপাহার উপজেলার গোপালপুর মাদ্রাসা মাঠে বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), গোপালপুর ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোখলেসুর রহমান (মুকুল)।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।