আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনসার-ভিডিপি কর্মকর্তা ফারজানা আক্তার সুমী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার।
এছাড়াও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কর্মকার, সদস্য সচিব অভিলাশ বর্মন, পূজা মন্দির কমিটির নেতা বাদল মৈত্র, শ্যামল পাল, রাজ কুমার সাহা মিন্টু, কানাই প্রামানিক, নিপেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবার আদমদীঘি উপজেলায় মোট ৬৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।
সভায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।