কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজে থাকা ২৩ জন ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।
মঙ্গলবার রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের কাছে এ ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী আফরাম্যাক্স রিও নামের জাহাজটিতে একটি নৌ-ড্রোন আঘাত হানে। হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।
রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক। আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়ে। পরে রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সবাইকে নিরাপদে উদ্ধার করে।
নাবিকদের উদ্ধারের পর রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে জাহাজটিকে সাগরের পানির ওপর দাউদাউ করে জ্বলতে দেখা গেছে। জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা যায়।
রাশিয়ার উপকূলীয় রিসোর্ট শহর সোচির কাছে সাইরিয়াস এলাকায় হামলাটি ঘটে। ঘটনার পর ওই এলাকার সব সৈকতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা থাকতে পারে। রুশ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে জড়িত থাকার কারণে জাহাজটি আগে থেকেই ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল।