জামালপুর আদালতের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আবুল কাশেম জামালপুরঃ জামালপুর জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ডিবি-১ পুলিশের একটি দল জামালপুর জেলা জজ আদালতের প্রধান ফটকের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. এহসানুল হক।

অভিযানকালে আদালতের প্রধান ফটকের সামনে ইসমাইল হোসেন আকন্দ পলাশ নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার সহযোগী হিসেবে মো. রুপক ও খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন আকন্দ পলাশ, ছনকান্দা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. রুপক এবং পাথালিয়া পশ্চিমপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে খায়রুল ইসলাম।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।