আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। পাশাপাশি মণ্ডপ পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলার ৬৯টি মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ। সভায় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি মণ্ডপভিত্তিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
সভায় প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন, উচ্চ শব্দে মাইক না বাজানো এবং নামাজের সময় ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ কমিয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার জানান, আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৯টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১১টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি, সান্তাহার পৌরসভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, নশরতপুর ইউনিয়নে ৭টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১৬টি মণ্ডপ রয়েছে।
এদিকে পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়ার নির্দেশনায় পুলিশ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে।
আয়োজকরা জানান, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।