বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বগুড়ায় সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে বগুড়া প্রেসক্লাবে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক কল্যান ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা সিনিয়র তথ্য অফিসার মাহফুজসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, “বগুড়াকে দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা বগুড়ার ন্যায্য অধিকার চাই। পাকিস্তান আমলেও বগুড়া একটি শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল। সাংবাদিকতার ক্ষেত্রেও ঢাকার পর বগুড়া,উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস বগুড়ায় ছিল। তাই পিছিয়ে পড়া বগুড়াকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে হবে।”
অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী ও নওগাঁ জেলার ২০ জন সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, দৈনিক বগুড়ার বার্তার সম্পাদক বাদল চৌধুরী, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার রাহাত রিটু, সাংবাদিক হারুনুর রশীদসহ বগুড়া, রাজশাহী ও নওগাঁর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের চিকিৎসা ও আর্থিক সহায়তার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।