বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি
শুক্রবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মৌলভীবাজারের পূজামণ্ডপগুলোতে ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে প্রস্তুতি। এখন অপেক্ষা দেবী দুর্গার ষষ্ঠী বিহিত পূজার। উৎসব নির্বিঘ্ন করতে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, সীমান্তের আট কিলোমিটার এলাকার পাঁচটি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে থাকা ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধেও সতর্ক রয়েছে বিজিবি।
এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির কর্মকর্তারা। এ সময় তাঁরা মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি জানায়, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি ধর্মীয় এ উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।