নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) এবং সিয়াকো ইউনিভার্সিটিজ নেটওয়ার্ক (সান)-এর মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি একথা বলেন।
টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিপুল মানবসম্পদ ও সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য থাকা সত্ত্বেও মুসলিম বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে।
সমঝোতা স্মারককে সময়োপযোগী উদ্যোগ হিসেবে বর্ণনা করে তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময় এবং প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন আইইউটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান ও সানের সদস্য সালাহউদ্দিন কাসেম খান।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও উপস্থিত ছিলেন।