হাজী মুজিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান চা শ্রমিকরা

সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রতন মালাকার, মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহরের আগে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে চা শ্রমিকরা। এ সময় তারা হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ার আবেদন জানান তারেক রহমানের কাছে।
সোমবার দুপুরে মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল উপজেলার শংকর টিলা, ভাড়াউড়া কালিমন্দিরসহ বেশ কয়েকটি স্থানে আয়োজন করা হয় এ বিশেষ প্রার্থনার। এ সময় চা শ্রমিকরা বিপুল ভোটে বিজয়ী হাজী মুজিবুর রহমানের জন্যও প্রার্থনা করেন।
অনুষ্ঠানে চা শ্রমিকরা বলেন, আমরা চাই তারেক রহমান যেন সুস্থ থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। এ সময় তারা চা বাগান এলাকার একজন হিসাবে হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রনালয় দিয়ে মুল্যায়ন করারও দাবী জানান।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিজয় হাজরা জানান, চা বাগান এলাকায় ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরে আমাদের বিশাল আনন্দ মিছিল বের করার কথা ছিল। কিন্তু তারেক রহমান সারাদেশে তা না করার জন্য বললে আমারা বিজয় মিছিল করিনি। আজ সনাতন ধর্মালমবীদের জন্য বিশেষ দিন তাই আমরা ভগবান শিবের কাছে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনা করেছি। আর তারেক রহমানের কাছে আমাদের দাবী আমাদের এমপিকে যেন বেশি বেশি কাজ করার জন্য একটা মন্ত্রনালয় উপহার দেন।