মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কর্তন।। প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন

বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

 

বিকুল চক্রবর্তী :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এক আদিবাসী দম্পতির প্রায় ১২ শতাধিক পরিপক্ব পানগাছ কেটে ফেলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কুলাউড়া। এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) কুলাউড়া শহরে আদিবাসীদের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বাংলাদেশ আদিবাসী ফোরাম (মৌলভীবাজার জেলা শাখা) এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কয়েক শতাধিক আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, পানগাছ খাসিয়া সম্প্রদায়ের জীবিকা ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। সেই পানগাছ কেটে ফেলা মানে একটি পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া।

মানববন্ধনে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জাসদ কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজারের সহসভাপতি নারায়ণ কুর্মী, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, কুলাউড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিপন বানাইসহ আরও অনেকে।

এছাড়াও ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং, সাদমান সৌমিক মজুমদার, নারী নেত্রী মনিকা খংলা, ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং, ববিতা দিও এবং হিরন্ময় সিংহসহ খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ)-এর প্রতিনিধিরা বক্তব্যে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আদিবাসী নেতৃবৃন্দ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জের কাছেও পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে আদিবাসীদের পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অনন্ত ও সরিস লামারাই দম্পতিকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আদিবাসী পানচাষিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, প্রথাগত ভূমি অধিকার রক্ষা করা, পুঞ্জি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেফতার করা না হলে জেলার আদিবাসী সম্প্রদায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ গভীর রাতে কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে আদিবাসী দম্পতি অনন্ত ও সরিস লামারাইয়ের পানের জুমে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় ১২ শতাধিক পরিপক্ব পানগাছ কেটে ফেলা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত অনন্ত লামারাই বলেন, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার পানের জুমে ঢুকে প্রায় এক হাজারের বেশি পানগাছ কেটে দেয়। সকালে গিয়ে তিনি দেখতে পান অধিকাংশ গাছ মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। পান চাষই ছিল তার পরিবারের একমাত্র জীবিকার মাধ্যম।

স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের হামলায় অনন্তের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, অনন্ত নামে একজন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।