মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মো. আনিছুর রহমান ও এএসআই আবু তালেবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সময় মো. ফরিদুজ্জামান মাসুদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফরিদুজ্জামান মাসুদ উপজেলার সুনগইড় গ্রামের মৃত আসকিন মিয়ার ছেলে। তল্লাশি করে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান , উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।