বিকুল চক্রবর্তী :
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই এলাকার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন এবং দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু মিয়া চৌধুরী ও সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন। তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আজাদ বখত স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন এবং শিক্ষার্থী প্রতিনিধি বৈশাখী দাস। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম, বিএনপি নেতা আলম মিয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, আংগুর চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মহসিন, শিক্ষকবৃন্দ ফেরদৌসি আক্তার, মাওলানা জাহির মিয়া, শহিদুল ইসলাম, শুভ্রত চন্দ্র বিশ্বাস, প্রদীপ সরকার, শেফালী বেগম, আবুল হোসেন ও **সূর্যমনি বিশ্বাস**সহ অনেকে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।