মৌলভীবাজারে ব্রাহ্মণ সমাজের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বিকুল চক্রবর্তী: মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রাহ্মণ সমাজের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণ সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শ্রী অরবিন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শ্রী কেতকী ভট্টাচার্য।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য বুলবুল, মৌলভীবাজার জেলা কমিটির সহ-সম্পাদক মতিলাল ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়ক জয়ন্ত ভট্টাচার্য এবং শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির অর্ধশতাধিক ব্রাহ্মণ সদস্য উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সমন্বয়ক জয়ন্ত ভট্টাচার্য বলেন, সৃষ্টির শুরু থেকেই সনাতন ধর্মের আচার-অনুষ্ঠান ও বিধিবিধান বিকশিত হয়ে আসছে, যার নেতৃত্ব দিয়ে আসছেন ব্রাহ্মণরা। সনাতন ধর্মের প্রধান শাস্ত্রসমূহ মুনি-ঋষিদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে এবং ব্রাহ্মণরা তাঁদেরই বংশধর। বৃহত্তর সনাতনী সমাজের বিস্তার ও কল্যাণই ব্রাহ্মণদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন, ব্রাহ্মণ সমাজে দেবভাষার চর্চা বৃদ্ধি করা প্রয়োজন। এ লক্ষ্যে ব্রাহ্মণ সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণ সংসদের নেতা পান্নালাল ভট্টাচার্য, শ্রী হরিপদ গোস্বামী, সঞ্জয় চক্রবর্তী, স্নেহেন্দু বিকাশ গোস্বামী ভজন, পান্না ভট্টাচার্য, মৃদুল ভট্টাচার্য, দীপংকর ভট্টাচার্য, গোপিকা রঞ্জন ভট্টাচার্য, সুকেশ চৌধুরী, ঝলক চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, দেবাশীষ ভট্টাচার্য, জেলা কমিটির নেতা বিশ্বজিৎ ভট্টাচার্য ও বিকুল চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে কেতকী ভট্টাচার্য বলেন, ব্রাহ্মণ সমাজের ঐতিহ্য, মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।