জাতির সংবাদ ডটকম।।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করে নেওয়া হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে অদ্য ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকাল ০৯:০০টায় বর্ণিল আনন্দ শোভাযাত্রা এবং পরে সংক্ষিপ্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকালে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া আনন্দ শোভাযাত্রাটি পিরোজপুরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবন এসে শেষ হয়। রঙবেরঙের ফেস্টুন, ব্যানার শোভাযাত্রাকে আরও রঙিন করে তোলে। শোভাযাত্রা শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বাংলা ভাষাভাষী প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার দিন। এদিন আমরা নতুন করে স্বপ্ন দেখি এবং নতুন করে পথচলার প্রতিজ্ঞা করি। পুরনো দিনের সকল গ্লানি, মলিনতা ধুয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, বাংলা নববর্ষের মতো উৎসবগুলো উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এ ধরনের আয়োজন থেকেই শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। এ সময় মাননীয় উপাচার্য সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ সময় মাননীয় উপাচার্য বর্তমান প্রজন্মের আগ্রহ ও পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় অনুষ্ঠানগুলো আরও আকর্ষণীয়, চমকপ্রদ ও শিক্ষণীয় করার ওপর গুরুত্বারোপ করেন৷ একইসঙ্গে তিনি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও বর্ষবরণ ১৪৩৩ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা ও প্রভাষক নাজমা আক্তার।
দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, আবৃত্তি, রম্য বিতর্ক ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাস প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।