জাতির সংবাদ ডটকম।।
কুমিল্লা জেলার তিতাস উপজেলার কৃতি সন্তান গোলাম রব্বানী (হাসিব)-কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম-এর নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় তিতাস উপজেলা জুড়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও এ খবর ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
গোলাম রব্বানী (হাসিব) ১৯৯৩ সালে তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একটি রাজনৈতিক ও শিক্ষিত পরিবারের সন্তান। তাঁর পিতা আলহাজ্ব রফিকুল ইসলাম মাস্টার তিতাস উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্থানীয় ঈদগাহ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মাতা সালেহা ইসলাম একজন গৃহিণী।
পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। বড় ভাই গোলাম মহিউদ্দিন সাকিব বর্তমানে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছেন। মেজ ভাই গোলাম সারোয়ার রাকিব একটি বেসরকারি প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত এবং তিনি সাবেক নারান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শিক্ষাজীবনে তিনি নারান্দিয়া কালিমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে বিবিএ সম্পন্ন করে প্রাইম ইউনিভার্সিটি-তে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।
নিজের প্রতিক্রিয়ায় গোলাম রব্বানী (হাসিব) বলেন,
“দল আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংগঠনের জন্য কাজ করে যাবো এবং নেতাকর্মীদের সাথে নিয়ে ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে গোলাম রব্বানী (হাসিব) সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।