স্টাফ রিপোর্টারঃ
আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা। নওগাঁর সাপাহার উপজেলার অন্যতম দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান জবই বিলকে ঘিরে ইতোমধ্যেই ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতি বছরের মতো এবারও উপজেলার বিভিন্ন অঞ্চলসহ দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসবেন জবই বিলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
জবই বিলের অন্যতম বড় আকর্ষণ হলো বিলের বুক চিরে চলে যাওয়া মনোমুগ্ধকর সড়ক ও ব্রীজ। সেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা উপভোগ করেন বিলের নয়নাভিরাম দৃশ্য, তোলেন স্মৃতিময় ছবি। বিশেষ করে ঈদের ছুটিতে এ স্থানটি পরিণত হয় দর্শনার্থীদের মিলনমেলায়।
তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিলের উপর দিয়ে চলা সড়কের বিভিন্ন স্থানে গাদা গাদা খড়ের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে করে ঈদের দিনসহ ঈদ পরবর্তী কয়েকদিনে আগত দর্শনার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সৌন্দর্য নষ্ট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দ্রুত সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা, যাতে ঈদকে ঘিরে আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে জবই বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন।