​মুলাদীর নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন: সুশৃঙ্খল সেবায় উচ্ছ্বসিত রোগীরা

রবিবার, মে ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মুলাদী:

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় ও ঘোষেরচর দাখিল মাদ্রাসায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে মেডিসিন বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুটি কেন্দ্রে একযোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
​ক্যাম্পে ​ডাঃ মোঃ আফজাল করিম, ​ডাঃ কে.এম. জাহিদুল ইসলাম, ​ডাঃ মোঃ শাহরিয়ার তারেক, ​ডাঃ মোঃ শাকিল আহমেদ, ​ডাঃ মোঃ ইমরান হোসাইন, ​ডাঃ মাহজাবিন বুশরা, ​ডাঃ পারমিতা হক নাহিন, ​ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ​ডাঃ মোঃ শাহেদুল ইসলাম। ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
​বিনা খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ মানুষ ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, “আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে ডাক্তার দেখাতে পেরেছি এবং প্রয়োজনীয় সব ওষুধ বিনামূল্যে পেয়েছি। সেবাদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা আমাদের চোখে পড়েনি। এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।” তারা ভবিষ্যতেও এলাকায় এ ধরনের সেবা অব্যাহত রাখার দাবি জানান।
​সংগঠনের সভাপতি মু. আব্দুল্লাহ আহাদ ভূইয়া বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই আয়োজন। এর আগেও আমরা দুটি ফ্রি চক্ষু ও মেডিসিন ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছি। এছাড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সম্প্রতি ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।”
​সার্বিক বিষয়ে সংগঠনের সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন জানান, “আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আজ যত রোগীই আসুক, সবাইকে সেবা দেব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাইকে পূর্ণাঙ্গ সেবা ও ওষুধ নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।”
​স্থানীয় সুধী মহল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।