বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সম্ভাব্য পুশইন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল আল মামুন, ৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম, হুগলিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুল হাছান ও সীমান্ত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ আলীনগর সীমান্তে সকালে বিএসএফের মাধ্যমে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় ইউএনও মো. জিয়াউর রহমান সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, পুশইনের কোনো ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে।
উল্লেখ্য বৃহস্পতিবার ভোরে কমলগঞ্জের আলীরনগর সীমান্ত দিয়ে বেশ কিছু মানুষকে পুশইন করলে এলাকাবাসীর সহায়তায় তারা তাদের গন্তব্যে ওয়ানা হয়।