মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ভিডিপি কর্মকর্তা নিহত

রবিবার, জুলাই ৫, ২০২৬


জাতির সংবাদ ডটকম।।

‎চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

‎রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের পুত্র। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

‎মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আনসার কর্মকর্তার মরদেহ এখন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।