সোহাগ সরদার, শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের জাজিরা সদর ভূমি অফিসের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সেবাগ্রহীতারা। ভূমি সহকারী কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং দ্রুত সেবা প্রদানের কারণে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সেবাগ্রহীতাদের মতে, দেশের বিভিন্ন এলাকায় ভূমি-সংক্রান্ত সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও জাজিরা সদর ভূমি অফিসে তুলনামূলকভাবে দ্রুত, সহজ এবং নিয়মতান্ত্রিকভাবে সেবা পাওয়া যাচ্ছে। নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, ভূমি-সংক্রান্ত তথ্য সংগ্রহসহ বিভিন্ন কাজে আগত মানুষ কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেছেন।
স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা জানান, ভূমি সহকারী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম আবেদনকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেন। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি উভয়ই কমেছে।
সেবাগ্রহীতারা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব সেবার ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান আরও উন্নত হবে বলেও তারা প্রত্যাশা করেন।
স্থানীয়দের মতে, জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও মানসম্মত ভূমি সেবা নিশ্চিত করতে ভূমি সহকারী কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার।