বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী। তাঁর কর্মময় জীবনের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা।

বুধবার বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবদায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের জীবনের পথপ্রদর্শকও হন। মো. জহির আলী তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা জহির আলীর শিক্ষা বিস্তার, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন। তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন পর্ব ছিল মানপত্র পাঠ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী শিক্ষক মো. জহির আলী তাঁর বক্তব্যে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবন গড়ার এক মহৎ দায়িত্ব। জীবনের দীর্ঘ সময় এই প্রতিষ্ঠানের সঙ্গে কাটাতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন।
উল্লেখ্য, মো. জহির আলী প্রায় ৩২ বছর শিক্ষকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অবসরের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ ও সফল কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিক্ষা ও মানবিক মূল্যবোধে তাঁর অবদান শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।