মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা রিকশা চালক শ্রমিক ইউনিয়ন-৯৭৩-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া জানান, শ্রীমঙ্গল উপজেলায় কয়েক হাজার রিকশা ও অটোরিকশা চালক রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১২৩ জন ভোটার হয়েছেন।
এ নির্বাচনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী বলেন, এটি একটি পুরোনো সংগঠন। তবে দীর্ঘদিন ধরে এ সংগঠনের নির্বাচন হয়নি। নতুন করে সদস্য সংগ্রহের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করা হচ্ছে। এখন থেকে নির্বাচিত প্রতিনিধিরাই সংগঠনের পক্ষ থেকে কথা বলবেন।
ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।