আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘প্রফেশনাল ম্যানেজমেন্ট একাউন্টিং এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘দ্যা ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)’ এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এ সেমিনার নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী। আমাদের দেশে যে পরিমাণ প্রফেশনাল ডিগ্রিধারী জনবল দরকার বাস্তব ক্ষেত্রে তা নেই। এই বাস্তবতায় একজন বিবিএ শিক্ষার্থীর জন্য শুধুমাত্র একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, এর পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের ক্যারিয়ার বিষয়ক সেমিনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি। এ সময় নোবিপ্রবিতে এ ধরনের একটি সেমিনারের আয়োজন করায় আইসিএমএবি কে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ ও নোবিপ্রবি আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। সেমিনারে গেস্ট অব অনার হিসেবে ছিলেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট এস এম জহির উদ্দীন হায়দার। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইসিএমএবি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।