মৌলভীবাজার প্রতিনিধি:
নির্বাচনে সিলেট বিভাগের সর্বাধিক ভোটের ব্যবধানে জয়, দায়িত্ব পাওয়ার পর জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয়
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং কমিটি অন এস্টিমেটস (Committee on Estimates)-এর সদস্য হয়েছেন।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ানো, পথশিশুদের খাবার ও নতুন পোশাক বিতরণ, শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁকে সম্পৃক্ত থাকতে দেখা গেছে।
এছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশেষ দিকনির্দেশনামূলক সভার আয়োজন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের উদ্যোগও নিয়েছেন তিনি। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা এবং দৃষ্টিহীন মানুষের ছানি অপারেশনের উদ্যোগ নিয়েও কাজ করছেন।
স্থানীয়দের মতে, সংসদ সদস্য হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যা শোনা এবং সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর উদ্যোগ তাঁর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
মৌলভীবাজার-৪ আসনটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ এলাকার অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে কৃষি ও চা শিল্পের নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তাঁর সদস্যপদকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে কমিটি অন এস্টিমেটস-এর সদস্য হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও ব্যয়ের প্রাক্কলন নিয়ে সংসদীয় পর্যায়ে কাজ করার সুযোগ পাবেন তিনি। দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় নির্বাচনী এলাকার উন্নয়ন, কৃষি ও চা শিল্পের স্বার্থ এবং জাতীয় পর্যায়ে জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে তাঁর জন্য।