সান্তাহারে পূজামণ্ডপ পরিদর্শনে বগুড়ার পুলিশ সুপার, নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা

মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সার্বজনীন রাধামাধব মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

(১৯ অক্টোবর) সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মন্দিরে গিয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা চলাকালে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান।

এছাড়া বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, রাধামাধব মন্দিরের উপদেষ্টা শোভারানী সাহ, সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক রাজকুমার সাহ মিন্টুসহ মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের এ ধরনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি পূজামণ্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।