নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ বিষয়ে মাঠপর্যায়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলেও শেষ পর্যন্ত সব সংকটের সমাধান আলোচনার মাধ্যমেই হবে।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার।
তিনি আরো বলেন, আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়৷
সবকিছুতে বিরোধিতার মানসিকতা. থেকে বিরোধীদলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদি বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। এত স্বল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শোধরানো সম্ভব নয়।